বাগদাদে সাইবার ক্যাফেতে বিস্ফোরণ ২৭ জন নিহত, আহত অনেক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২০:৫১
ইরাকের রাজধানী বাগদাদের একটি জনাকীর্ণ সাইবার ক্যাফেতে আত্মঘাতী বোমা হামলায় ২৭জন নিহত এবং অসংখ্য লোক আহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বৃহস্পতিবার জনপ্রিয় দুবাই ক্যাফের ভেতর ঢোকে এবং বিস্ফোরণ ঘটায়। এ সপ্তাহের শেষে দেশটির প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে এ হামলার ঘটনা ঘটলো। এসময় তিন শিশু ও একজন মহিলা ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিল। বিস্ফোরণটি তখনই হওয়ায় তারাও নিহত হয়। স্থানীয় লোকজন বিরোধিতা করার আগে আমিরিয়ার পার্শ্ববর্তী এ সুন্নি অঞ্চলে আল-কায়েদার শক্ত ঘাঁটি ছিল। একটি ছোট্ট মলের তৃতীয়তলায় সাইবার ক্যাফেটি সেদিন লোকজনে ভরপুর ছিল। এছাড়া ভবনটির প্রথম তলায় দেশটির প্রধান সুন্নি সমর্থিত রাজনৈতিক দল ইরাকি ইসলামিক পার্টির অনুমোদিত ইসলামিক সেন্টারও অবস্থিত।
এক প্রত্যক্ষদর্শী জানায়, বিস্ফোরণের পর গ্লাস ভেঙ্গে এসে একটি আইস ক্রিমের দোকান ও ফার্মাসির ওপর পড়ে। এতে মহিলা ও শিশু গরুতর আহত হয়। এদিকে সুন্নি অধ্যুষিত প্রদেশ আমিরিয়ায় গত ডিসেম্বরে থেকে সরকারবিরোধী আন্দোলন চলছে। এ ঘটনায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, প্রদেশটিতে এখনও আল-কায়েদা ঘাঁপটি মেরে রয়েছে।