চারঘাটে পুলিশ ব্যারাক থেকে ম্যাগাজিনসহ
৬০ গুলি চুরি, আটক ২
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২১:৫৯
রাজশাহীর চারঘাট মডেল থানায় বৃহস্পতিবার রাতে পুলিশ ব্যারাকে ২টি ম্যাগাজিনসহ ৬০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শুক্রবার উপজেলার গোপালপুর গ্রামের লিটন (৩২) ও গুচ্ছ গ্রামের টিপু সুলতানকে (২২) তাদের বাড়ি থেকে আটক করা হয়েছে।
থানা সূত্র জানায়, চারঘাট মডেল থানার গ্যারেজের পিছনে পুরাতন ঘরে এএসআই হেদায়েত আলী এবং রাশেদুল ইসলাম, বিদুত্ ও আকরাম হোসেন নামে ৩ কনস্টেবল থাকেন।
বৃহস্পতিবার রাতে তারা ঘরে তালা দিয়ে ডিউটিতে যান। ডিউটি শেষ করে পুলিশ সদস্যরা রাত ৩টার দিকে এসে দেখেন ঘরের তালা খোলা এবং ঘরের সমস্ত কাপড় চোপড় এলোমেলো করা। ঘরে তাদের ব্যবহারের কাপড়ের ব্যাগ না পেয়ে রাতেই থানার আশপাশে তল্লাশি চালান। এ সময় থানার পিছনে একটি গাছের নিচ থেকে ৩টি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বড়াল নদীর পাশে ধানের জমিতে অপর ব্যাগটি পাওয়া গেলেও ব্যাগের মধ্যে রক্ষিত দুইটি ম্যাগাজিনসহ ৬০ রাউন্ড গুলি এবং ৮ হাজার ৬ শত টাকা খোয়া যায়। খবর পেয়ে এডিশনাল এসপি মোয়াজ্জেম হোসেন ও পুঠিয়া সার্কেল এএসপি আবু সায়েম ঘটনাস্থল পরিদর্শন করেন। চারঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।