দুই স্পিড বোটের সংঘর্ষ
পদ্মা থেকে ৫ জনের লাশ উদ্ধার
নড়িয়া(শরীয়তপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২২:৪৭
পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুলিশ উদ্ধার করেছে ৩ টি এবং স্বজনরা উদ্ধার করেছে ২টি। বৃহস্পতিবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত লাশগুলো উদ্ধার করা হয়। গত সোমবার রাতে মাওয়া- কাওড়াকান্দী নৌপথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন যাত্রী নিখোঁজ ছিল। এ লাশগুলো নিখোঁজ যাত্রীদের হতে পারে বলে ধারণা করছে পুলিশ ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নড়িয়া উপজেলার চরজুজিরা এলাকা থেকে স্পিডবোট চালক শিবচর উপজেলার মাদবরের চর গ্রামের ইমান হোসেনের (২৫) লাশ উদ্ধার করেছে স্বজনরা। দুপুর ২ টার দিকে জাজিরা উপজেলার পালের চর এলাকা থেকে জাজিরা থানা পুলিশ অজ্ঞাত পরিচয় ৭/৮ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে।
এ ছাড়া নড়িয়া থানা পুলিশ সন্ধ্যায় নড়িয়া উপজেলার ওয়াপদা এলাকা থেকে ৪০/৪২ বছর বয়সী এক ব্যক্তি ও সুরেশ্বর এলাকা থেকে ৩৫/৩৮ বছর বয়সী অপর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। এদিকে ভোরে জাজিরা উপজেলার পদ্মা নদীর পালেরচর এলাকা থেকে শিবচর উপজেলার কাওড়াকান্দী গ্রামের মোরশেদ আলমের লাশ উদ্ধার করেছে স্বজনরা।
পুলিশ জানায় গত সোমবার রাতে মাওয়া-কাওড়াকান্দী নৌপথে পদ্মা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বোট দুটি ডুবে গিয়ে কয়েকজন যাত্রী নিখোঁজ ছিল।
শরীয়তপুরের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, পুলিশ যে তিনটি লাশ উদ্ধার করেছে তাদের পরিচয় পাওয়া যায়নি। লাশগুলো সদর হাসপাতালে রাখা হয়েছে। বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে লাশগুলোর স্বজনদের খুঁজে বের করার জন্য।