এবার ১২ দফা নিয়ে মাঠে হেফাজত বিরোধীরা
সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৩, ২২:৫৬
১৩ দফার বিপরীতে এবার ১২ দফা নিয়ে মাঠে নামছেন হেফাজতে ইসলাম বিরোধীরা। এরা মূলত সুন্নি মতাদর্শ ও সুফিবাদের অনুসারী। সাম্প্রতিক সময় দেশের ওলামা-মাশায়েখদের মধ্যে হেফাজত ব্যাপক আলোচনায় আসলে পাল্টা শো-ডাউনের উদ্যোগ গ্রহণ করেন তারা। এর অংশ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামা’আত-এর ব্যানারে আজ শনিবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে মহাসমাবেশের আয়োজন করেছেন হেফাজত বিরোধীরা। এ সমাবেশ থেকেই ১২ দফা দাবি ঘোষণা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার নগরীর মোমিন রোডে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এসব তথ্য জানিয়ে মহাসমাবেশ আয়োজনের উদ্দেশ্য বর্ণনা করেন। এতে কমপক্ষে ১০ লাখ লোকের সমাবেশ হবে বলে তারা আশা প্রকাশ করেন। নেতৃবৃন্দ হেফাজতে ইসলামকে ‘পাহাড়ের শান্তি বাহিনী’র সাথে তুলনা করে বলেন, এরা মানুষের জানমালের ক্ষতি করছে। তারা সরকারি দলের পক্ষে কিংবা বিরুদ্ধে নয় বলেও তারা জানান।
এদিকে এই সুন্নী-মহাসমাবেশ নিয়ে গত কয়েকদিন ধরেই চট্টগ্রাম মহানগরীসহ বৃহত্তর চট্টগ্রামে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামা’আতও যে চট্টগ্রামে শক্ত অবস্থানে রয়েছে তা লালদীঘির মহাসমাবেশে প্রমাণ হবে বলে উদ্যোক্তারা জানান।
মওদুদীবাদীদের সর্বোচ্চ শাস্তির দাবি
হেফাজতে ইসলামের দাবিসমূহের সাথে সুন্নি মতাদর্শের ওলামা-মাশায়েখদের ১২ দফার অনেক ক্ষেত্রে মিল রয়েছে বলে জানা গেছে। এতে আল্লাহ-রসুলের অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সম্বলিত আইন সংসদের মাধ্যমে সংবিধানে সংযোজন করার দাবি রয়েছে। পাঠ্যপুস্তকসমূহসহ সকল ক্ষেত্রে ইসলাম বিকৃতি বন্ধ এবং নাস্তিক ব্লগারদের সাথে সাথে ওয়াহাবি ও মওদুদীবাদীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। তাছাড়া ইসলামের নামে দেশে নাশকতা, ধ্বংসযজ্ঞ ও হরতাল, অবরোধ আইন করে নিষিদ্ধ করার দাবিও উল্লেখ করা হয়েছে ১২ দফায়।
প্রসঙ্গত আহলে সুন্নাত ওয়াল জামা’আত প্রথম থেকেই হেফাজতে ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধাচারণ করে আসছে। এমনকি হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা পালন করেছেন বলে তারা অভিযোগ করেছেন। লালদীঘি ময়দানের আজকের মহাসমাবেশ এক প্রকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সংগঠনটি। তারা সুন্নি মতাদর্শ ও সুফিবাদের অনুসারীদের বিশেষ করে মাইজভান্ডার কেন্দ্রিক অনুসারীদের এর সাথে অন্তর্ভুক্ত করেছেন বলে জানা গেছে।
আজ চট্টগ্রামে আহলে
সুন্নাতের সুন্নি সমাবেশ
আজ শনিবার বিকালে নগরীর লালদীঘি ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে সুন্নি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১০ লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হবে বলে সংগঠনের পক্ষ থেকে আশা করা হয়েছে। সংগঠনের নেতারা বলেছেন, সমাবেশের বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। গুজবে কান না দিয়ে সমাবেশে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান। নেতারা আরো বলেন, কোনো রাজনৈতিক দলের সুবিধার জন্য বা অন্য কোনো রাজনৈতিক দলের বিপক্ষে তাদের অবস্থান নয়। বরং নবী অবমাননাকারী ব্লগারসহ সকল সীমা লঙ্ঘনকারীর বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
এদিকে সুন্নী-সমাবেশের সমর্থনে আহলে সুন্নাত ওয়াল জামা’আত পটিয়া’র উদ্যোগে এক বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা গতকাল কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী সোলায়মান চৌধুরীর নেতৃত্বে বের হয়। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন বড়লিয়া ছালামিয়া দরবার শরীফের সাজ্জাদাশীন ছৈয়দ এয়ার মুহাম্মদ পিয়ার, সমাবেশ প্রস্তুতি কমিটি পটিয়ার আহবায়ক ছিকন খলিফা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আহমদ আল কাদেরী, গাউছিয়া কমিটি দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, উপজেলার সেক্রেটারি মাস্টার আবুল কাশেম, শাহাচান্দ আউলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল কাশেম নূরী, বড়লিয়া মাদ্রাসার সুপার মাওলানা জহুরুল আলম, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, পটিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মাষ্টার আলী খাঁন প্রমুখ।