কৃষি ও এসএমই ঋণের খোঁজ নিতে সরেজমিনে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ১৯:৫২
বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের কৃষি এবং এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) খাতের ঋণ বিতরণ ব্যবস্থায় সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে মাঠ পর্যায়ে পরিদর্শনে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এছাড়া এ দুই খাত সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্ত তারা সংগ্রহ করবেন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, কৃষি বা এসএমই ঋণ মনিটরিংয়ের জন্য ‘কৃষকের জন্য যাত্রা’-র বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ পাওয়া ৪৪ সহকারী পরিচালকদের কৃষি, এসএমই ঋণ বিতরণ ব্যবস্থা জেলা পর্যায়ে সরেজমিন পরিদর্শন করবেন। দুই থেকে তিনজন করে মোট ১৯টি পরিদর্শন দল গঠন করা হয়েছে। যে এলাকায় যে ফসল ভালো হয়, সে গুরুত্ব বিবেচনায় নিয়ে পরিদর্শন দলকে পাঠানো হবে। দেশের বিভিন্ন জেলার উপজেলায় আজ রবিবার থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিশেষ পরিদর্শন কাজ চলবে। পরিচালকরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ করে। এর মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়, ব্যাংক শাখা পর্যায় ও সরাসরি কৃষক হতে কৃষি ও এসএমই ঋণ বিষয়ক তথ্য সংগ্রহ করা হবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, দেশে কার্যরত ব্যাংকসমূহের কৃষি ও পল্লী ঋণ এবং এসএমই ঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনয়ন, কৃষি ও পল্লী ঋণ বিতরণের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন ও দারিদ্র্য বিমোচন ইত্যাদি খাতে ঋণ যাচাইকরণ কার্যক্রম পরিদর্শন করবেন তারা। এছাড়া আমদানী নির্ভর কিছু নির্দিষ্ট ফসল যেমন- ডাল, তেলবীজ, মসলা ও ভুট্টা চাষে কৃষকগণকে রেয়াতী হারে ব্যাংকগুলো সুদ হার ধার্য করছে কিনা সে বিষয়টিও পরিদর্শন দল যাচাই করবে।
সূত্র জানায়, প্রতিটি পরিদর্শন দল সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে তাদের পরিদর্শন কাজ শুরু করবে। জেলা কৃষি ঋণ কমিটির সদস্যের সঙ্গে কৃষি ঋণ বিতরণ, অগ্রগতি, বিতরণ পর্যায়ে বিদ্যমান সমস্যা এবং বাংলাদেশ ব্যাংকের গৃহীত কৃষি ঋণ তদারকির কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হবে। একইসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বা ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধির সঙ্গে সাক্ষাত করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তদারকি শুরু করবে। এই সময়ে উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষির সঙ্গে জড়িত কর্মকর্তা এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করা হবে। এছাড়া ব্যাংক পর্যায়ে কৃষি ঋণ নীতিমালা মেনে ঋণ বিতরণ করা হয়েছে কিনা এবং কৃষকরা হয়রানিমুক্ত ঋণ পাচ্ছেন কিনা তা বিশদভাবে তদারকি করা হবে।
নতুন ব্যাংকারদের এ ধরনের পরিদর্শন কর্মসূচি কৃষি ও পল্লী ঋণ এবং এসএমই ঋণ কর্মসূচি সফল বাস্তবায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাগণকে সচেতনতা বৃদ্ধি ছাড়াও জনসাধারণকে ব্যাংকিং কার্যক্রমের আর্থিক অন্তর্ভুক্তিকরণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছেন কেন্দ ীয় ব্যাংকের কর্মকর্তারা। তারা বলছেন কৃষি ও এসএমইসহ অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর উন্নয়নসহ দেশের অর্থনীতিকে বদলে দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার নব নিযুক্ত ৪৪ জন সহকারী পরিচালককে বিভিন্ন জেলার কৃষি এবং এসএমই খাতসমূহের সমস্যা ও সম্ভাবনার তথ্যসমূহ সংগ্রহ করতে পরিদর্শনে পাঠাচ্ছে।
প্রসঙ্গত, কৃষি ঋণ বাস্তবায়ন ও কর্মসূচি বাস্তবায়নের জন্য তিন স্তরে বিশিষ্ট তদারকি করা ব্যবস্থা বিদ্যমান রয়েছে। প্রথম ব্যাংক পর্যায়ে, দ্বিতীয় কেন্দ ীয় ব্যাংকের শাখা অফিস পর্যায়ে এবং কেন্দ ীয় ব্যাংকের প্রধান কার্যালয় পর্যায়ে তদারকির ব্যবস্থা করা হয়েছে।