মিলগেট ও বাফার গুদামে ইউরিয়া সারের মূল্য একই হবে
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ১৯:৫৩
সার ডিলারদের আর্থিক ক্ষতি বিবেচনা করে মিলগেট ও বাফার গুদামে ইউরিয়া সারের একই মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এছাড়া ডিলারদের আয়কর মোট বিক্রয়ের ওপর শতকরা ৫ থেকে ১০ ভাগের পরিবর্তে যৌক্তিকতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বাফা) আয়োজিত জাতীয় সার ডিলার সম্মেলনে ডিলারদের দাবির প্রেক্ষিতে গতকাল শিল্পমন্ত্রী একথা বলেন। সংগঠনের ১৯তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি এতে বিশেষ অতিথি ছিলেন।
বিএফএ চেয়ারম্যান কামরুল আশরাফ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান ড. এস এম নাজমুল ইসলাম, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোঃ মুনসুর আলী সিকদার, এফবিসিসিআই’র সহ-সভাপতি হেলাল উদ্দিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সার ডিলারদের পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে মিল গেট ও বাফার গুদামে ইউরিয়া সারের একই মূল্য নির্ধারণ, মোট বিক্রয়ের ওপর শতকরা ৫ থেকে ১০ ভাগের পরিবর্তে যৌক্তিকতার ভিত্তিতে আয়কর নির্ধারণ, প্রতি মাসের শুরুতে সকল প্রকার সারের দ্রুত বরাদ্দ দান, পিক সিজনে দুই কিস্তিতে টাকা জমা ও সার উত্তোলনের নির্দেশনা বহাল, খুচরা বিক্রেতার নিয়োগ প্রথা বাতিল, বিএডিসি’র আমদানিকৃত সার বিসিআইসি’র ডিলারদের মাধ্যমে বিতরণ, ছেঁড়া বস্তা ও কম ওজনের ইউরিয়া আমদানি নিষিদ্ধকরণ ইত্যাদি উল্লেখযোগ্য।