চীনের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২০:৫৯
চীনের পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে প্রায় শতাধিক ব্যক্তি নিহত বা আহত হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। শনিবার চীনের স্থানীয় সময় সকাল ৮টা দুই মিনিটে ভূমিকম্পটি হয়। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল সিচুয়ানের লুসান এলাকার ইয়ান শহরে আর এর কেন্দ্র ?ছিল মাটির ১৩ কিলোমিটার গভীরে।
২০০৮ সালের কাছাকাছি এলাকায় ৮ মাত্রার আর একটি মারাত্মক ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছিল। প্রাদেশিক রাজধানী চেংদুসহ আশপাশের প্রদেশগুলোতেও ভূমিকম্পটি অনুভূত হয়। এতে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসে। এ পর্যন্ত ৭২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। সিনহুয়ার বরাত দিয়ে চীনের অন্যান্য সংবাদ মাধ্যমে অন্তত ১শ’ জনের মৃত্যু হয়েছে বা আহত হয়েছে বলে জানিয়েছে। তবে সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাত হয়। সবচেয়ে বড় পরাঘাতটির মাত্রা ছিল ৫ দশমিক ১।
প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিকি জরিপ সংস্থা, পরে তারা এর মাত্রা ৬ দশমিক ৬ বলে জানায়। ভূমিকম্পের উত্পত্তিস্থল থেকে ১শ’ ৪০ কিলোমিটার দূরের শহর চেংদুর এক বাসিন্দা জানান, ভূমিকম্পটি অনুভূত করার সময় তিনি একটি ভবনের ১৩ তলায় ছিলেন। ভবনটি প্রায় ২০ সেকেন্ড ধরে কাঁপে, এ সময় পাশের ভবন থেকে টাইলস খুলে পড়তে দেখেন তিনি।