সহিংসতায় ব্যাহত হচ্ছে আফগান স্বাস্থ্যসেবা
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২১:০১
সহিংসতার কারণে আফগান জনগণকে স্বাস্থ্যসেবা নিতে বাধা দিতে আরো অধিক হারে তত্পর হয়েছে জঙ্গি গ্রুপগুলো। সম্প্রতি অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দুইজন স্বাস্থ্যকর্মী নিহত হন। রাস্তা অবরোধ, রাস্তার ধারে বোমা পেতে রাখা এবং বন্দুকযুদ্ধের কারণে প্রত্যন্ত এলাকার মানুষ সময়মত হাসপাতালে যেতে পারে না এবং ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা গ্রামাঞ্চলে যেতে পারে না। সহিংসতার কারণে আফগানিস্তানে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। খবর ডন সংবাদপত্রের।
রেডক্রসের কাবুল প্রধান ঘেরারডো পনট্রনডলফি বলেন, বিভিন্ন স্থানে চিকিত্সকরা জঙ্গি হামলার শিকার হচ্ছে। রেডক্রসের ভ্রাম্যমাণ ক্লিনিক গ্রামে যেতো এবং নিরাপদে ফিরে আসত। তাদের ওপর হামলা করা হত না। কিন্তু এখন হামলা এড়াতে মোবাইল ক্লিনিক বন্ধ রাখা হয়েছে। তারা বোঝার চেষ্টা করছে কারা হামলা করছে এবং হামলার উদ্দেশ্য কি? আফগানিস্তানের অনেক এলাকায় নিরাপদ স্বাস্থ্য কার্যক্রম চালানোর জন্য জঙ্গি গ্রুপগুলোর সাথে আলোচনা প্রয়োজন বলে জানান রেডক্রস প্রধান।
১৯৮৭ সাল থেকে রেডক্রস আফগানিস্তানে কাজ করছে। সোভিয়েত ইউনিয়নের সেনাদের সাথে মুজাহিদদের লড়াইয়ের সময়, তালেবান শাসনামলে তারা আফগানিস্তানে কাজ করেছে। এত বছরের অভিজ্ঞতা সত্ত্বেও তারা এখন ক্রমবর্ধমান হারে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ঘেরারডো পনট্রনডলফি বলেন, দুজন টিকাকর্মী হত্যার পর সারাদেশে চিকিত্সা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি আশংকা প্রকাশ করেন পশ্চিমা শক্তি চলে যাওয়ার সাথে সাথে চিকিত্সা তহবিল সংকুচিত হয়ে যেতে পারে।