শিবগঞ্জে গণমঞ্চ ভাংচুর মামলার সাক্ষী গুলিবিদ্ধ

শিবগঞ্জ টিএনটি চত্বরে গণমঞ্চ ভাংচুর মামলায় সাক্ষী হওয়ার কারণে একই পৌরসভার শহরাতোলা গ্রামের মো. আবুল কাসেম (৩৫) নামে এক যুবক গত বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হয়েছেন। প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত শুক্রবার পর্যন্ত কোনো মামলা হয়নি বলে পুলিশ জানায়। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শহরাতোলা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে মো. আবুল কাসেম, পৌর শ্রমিক লীগের সভাপতি আলম, ছাত্রলীগ নেতা শামীম ও বেনজীর আহমেদ গত বৃহস্পতিবার রাতে আম বাগানে বসে গল্প করার সময় একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় কাসেম গুলিবিদ্ধ হন। গণমঞ্চ ভাংচুর মামলার সাক্ষী হওয়ার কারণে জামায়াত-শিবির কর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে বলে তার পরিবার দাবি করেছে।