অচিরেই ষড়যন্ত্রের জবাব দেয়া হবে :-শামীম ওসমান

আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক এমপি শামীম ওসমান বলেছেন, জাতীয় ঐক্যের নামে যারা শেখ হাসিনাকে দেশ পরিচালনা থেকে বিরত রাখার দিবাস্বপ্ন দেখছে তাদের দোসরদের নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করতে দেয়া হবে না। দলের ভেতরে ঘাপটিমেরে থাকা ‘খন্দকার মোশতাকদের’ জনগণ চিহ্নিত করেছে। এসব ‘রাজনৈতিক ব্যবসায়ীদের’ নোংরা ব্যবসা নারায়ণগঞ্জে বন্ধ করা হবে। শনিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর দিবস এবং ফটিকছড়িসহ সারাদেশে জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে আয়োজিত জনসভায় শামীম ওসমান এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, যারা প্রশাসনে থেকে আওয়ামী লীগ আয়োজিত মহান মুজিবনগর দিবসের জনসভাকে বাধাগ্রস্ত করতে ১৪৪ ধারা জারি করতে চেয়ে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চালিয়েছে তাদেরকেও চিহ্নিত করা হয়েছে। অচিরেই তাদের সমুচিত জবাব দেয়া হবে। নারায়ণগঞ্জে লাশ নিয়ে আর নোংরা রাজনীতি করতে দেয়া হবে না। সীমা অতিক্রমকারীকে আল্লাহ পছন্দ করেন না। সুশীল আর বাম সাইনবোর্ড লাগিয়ে জামায়াত-শিবিরকে রক্ষা করার চক্রান্ত সহ্য করা হবে না। তিনি বলেন, সারাদেশে জামায়াত-শিবির নৈরাজ্য চালাচ্ছে, যুদ্ধাপরাধীদের বাঁচাতে তারা গৃহযুদ্ধ শুরু করতে চাচ্ছে। আর সেই যুদ্ধের খোরাক দিচ্ছেন বেগম খালেদা জিয়া। অথচ আওয়ামী লীগের সাইনবোর্ড লাগিয়ে অনেকে সুশীল সেজেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। তিনি সিটি মেয়রের উদ্দেশে বলেন, আপনার, খালেদা জিয়া ও জামায়াত-শিবিরের বক্তব্য যখন এক হয়ে যায় তখন অবাক হতে হয়। শামীম ওসমান এ সময় চাঞ্চল্যকর ত্বকী হত্যাকাণ্ডের ব্যাপারে বলেন, ত্বকীর চেহলাম পর্যন্ত আমি রফিউর রাব্বি সম্পর্কে কোন মন্তব্য করিনি। কিন্তু এখন বলতে চাই, সন্তানের লাশ নিয়ে আর মিথ্যাচার, নোংরামি করবেন না। সমাবেশে নারায়ণগঞ্জ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীলসহ বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।