ত্বকী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২২:৫১
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার ও সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ গঠনের প্রত্যয়ে শনিবার বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভীসহ আওয়ামী লীগ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
মানববন্ধন চলাকালে মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী বলেন, যদি আবারো নারায়ণগঞ্জে কোন ধরনের খুনের ঘটনা ঘটে, তাহলে আমি রাস্তায় বসে পড়বো। তখন নারায়ণগঞ্জবাসীকে নিয়ে খুনীদের প্রতিহত করার আন্দোলন শুরু করবো। আইভী অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি করতে হলে বিভেদ দূর করতে হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড দূর করতে হবে। তিনি আরও বলেন, যদি ভবিষ্যতে আবারো কোন সাংবাদিক কিংবা নেতা-কর্মীদের হুমকি দেয়া হয়, তাহলে এর পরিণাম হবে খুবই ভয়াবহ।