মার্কিন সৈন্য প্রত্যাহারের পর ইরাকে নির্বাচন চলছে

ইরাকের প্রাদেশিক নির্বাচনে শনিবার সকালে ভোট গ্রহণ চলছে। মার্কিন সৈন্য ইরাক থেকে চলে যাওয়ার পর এই প্রথম দেশটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশটিতে বিভিন্ন হামলার মুখে দেশের স্থিতিশীলতা রক্ষায় এ নির্বাচন অনুষ্ঠান একটি কঠিন পরীক্ষা। কেননা সাম্প্রতিক সময়ে চালানো বেশ কয়েকটি হামলায় শতাধিক লোক নিহত হয়। খবর এএফপির। স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। উল্লেখ্য, ২০১০ সালের পার্লামেন্ট নির্বাচনের পর ইরাকে এটি হচ্ছে প্রথম ভোট। ২০১১ সালে ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হয়। ২০০৩ সালে ইরাকে আগ্রাসনের পর এই প্রথম কোনো নির্বাচনে দেশটির নিজস্ব নিরাপত্তা বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। এ নির্বাচনে দেশের প্রায় এক কোটি ৩৮ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এতে ৩৭৮টি আসনে আট হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ১৪ জন প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণা শুরু করার পর বিভিন্ন হামলায় নিহত হন। নিরাপত্তা ও অন্যান্য কারণে ইরাকের ১৮টি প্রদেশের মধ্যে ৬টিতে নির্বাচন হচ্ছে না।