পারভেজ মোশাররফ ১৪ দিনের রিমান্ডে

পাকিস্তানে ক্ষমতায় থাকাকালে বিচারকদের আটক রাখার মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে ১৪ দিনের বিচারিক রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল শনিবার সন্ত্রাসবিরোধী আদালত তাকে রিমান্ডে নেয়ার আদেশ দেন। এদিকে মোশাররফের বাগান বাড়িকে সাব জেল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খবর ডন এর। আগামী ৪ মে মোশাররফকে আদালতে হাজির করতে হবে। গতকাল আদালত কর্তৃক তাকে রিমান্ডে নেয়ার রায় দেয়ার কয়েক ঘন্টা পরই ইসলামাবাদে মোশাররফের বাগান বাড়ি চাক শাহজাদকে সাব জেল ঘোষণা করা হয়। পরে তাকে কড়া নিরাপত্তায় পুলিশ সদর দপ্তর থেকে সাব জেলে নিয়ে যাওয়া হয়। সন্ত্রাসবিরোধী আদালতে পুলিশ মোশাররফকে বিচারিক রিমান্ডের আবেদন জানান। তবে বাদীপক্ষের আইনজীবী আশরাফ গুজ্জার মোশাররফকে শারীরিক রিমান্ডের আবেদন জানান। মোশাররফকে কড়া নিরাপত্তায় আদালতে আনার বিষয়েও প্রশ্ন তোলেন গুজ্জার। ২০০৭ সালে ক্ষমতায় থাকাকালে জরুরি অবস্থা জারি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ ৬০ জন বিচারককে আটক রাখেন মোশাররফ। এ অভিযোগে ২০০৯ সালের ৯ আগস্ট মোশাররফের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়। গত বৃহস্পতিবার মোশাররফকে গ্রেফতারের নির্দেশ দেন ইসলামাবাদের একটি আদালত। নির্দেশের পর সঙ্গে সঙ্গেই তিনি আদালত ত্যাগ করেন। শুক্রবার তাকে গ্রেফতারের পর দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত। এছাড়া ২১ এপ্রিলের আগে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত। দীর্ঘ ৪ বছর লন্ডন এবং দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর আগামী ১১ মে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অংশ নিতে গত মাসে দেশে ফেরেন মোশাররফ। তিনি চারটি আসনে মনোনয়নত্র জমা দিলেও সবগুলোই বাতিল করা হয়।