সংসদ অধিবেশন আজ বসছে
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২৩:১৪
আজ রবিবার বিকাল সাড়ে ৫টায় চলতি নবম জাতীয় সংসদের সংক্ষিপ্ত ১৭তম অধিবেশন বসছে। এ অধিবেশনে দু’টি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমটি রাষ্ট্রপতি এবং দ্বিতীয়টি স্পিকার অথবা ডেপুটি স্পিকার। গত ২০ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ইন্তেকাল করায় রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার মো. আবদুল হামিদ। অপরদিকে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে রয়েছেন ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী।
অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদের ১৭তম অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় জানায়, সংসদ অধিবেশন শুরু হওয়ার এক ঘন্টা আগে আজ বিকাল সাড়ে ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের দ্বিতীয় লেভেলের ১ নম্বর কমিটি কক্ষে বৈঠকে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত স্পিকার। আর এ বৈঠকে অধিবেশন কত কার্যদিবস পর্যন্ত চলবে তা নির্ধারণ করা হবে। সংসদ সচিবালয়ের সূত্র মতে, আগামী মাসের শেষ সপ্তাহ অথবা জুন মাসের প্রথম সপ্তাহে বর্তমান সরকারের শেষ অর্থাত্ আগামী ২০১৩-২০১৪ অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হবে। সে জন্য ১৭তম অধিবেশন একেবারে সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।
পরিচ্ছন্ন রাজনীতিবিদ হামিদ :স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের রাজনৈতিক জীবন আওয়ামী লীগে শুরু। কিশোরগঞ্জের মিটামইন উপজেলার কামালপুর গ্রামে ১৯৪১ সালের ১ জানুয়ারি তার জন্ম। কলেজ জীবনে পা রেখেই তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। শিক্ষা জীবন শেষ করে তিনি আইন পেশায় নিয়োজিত হন। তিনি কয়েক দফায় কিশোরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭০ সালের নির্বাচনে তিনি প্রথমবার বিজয়ী হন। তখন থেকে শুরু করে নবম জাতীয় সংসদ পর্যন্ত সাত বার তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচনে বিজয়ী হন। ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকার গঠন করার পর ডেপুটি স্পিকার নির্বাচিত হন। স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর মৃত্যুর পর তিনি স্পিকার নির্বাচিত হয়ে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।