বিএনপি অফিসের সামনে ৬টি ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২৩:১৫
ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে পদবঞ্চিতরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ও ককটেল ফাটিয়েছে। ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পোস্টারে আগুন দিয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদবঞ্চিতরা জমায়েত হয়ে বিএনপির কার্যালয়ের সামনে ‘ছাত্রদলের নতুন কমিটি মানি না’ বলে শ্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা সেখানে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে রাস্তার পাশে খাবারের ভ্যানে আগুন ধরিয়ে দেন তারা। ককটেলের বিকট শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ আসার আগেই বিক্ষোভকারীরা পালিয়ে যান। এসময় বিএনপি অফিসে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও অফিস সহকারীরা ছাড়া আর কেউ ছিলেন না। সম্প্রতি ছাত্রদলের ২৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কমিটিতে স্থান না পাওয়ায় ক্ষুব্ধ হন ছাত্রদলের বেশ কিছু নেতা। তারা গত কয়েকদিন ধরে গুলশান ও নয়াপল্টনে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।