চট্টগ্রামে লাইটারেজ জাহাজ ধর্মঘট প্রত্যাহার
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৩, ২৩:১৫
টানা প্রায় ১৫ দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার দিনভর দফায় দফায় বৈঠক শেষে বিকালে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেয়া হয়। এ সময় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, সরকারের পক্ষ থেকে সমতাভিত্তিক ৫০ শতাংশ হারে পণ্য পরিবহনে সুযোগ প্রদানের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হলো। তিনি বলেন, সরকারের আশ্বাস বাস্তবায়িত হলে শ্রমিকদের বর্ধিত ২০ শতাংশ ভাতা চলতি বছরই কার্যকর হবে।
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, বৈঠকে লাইটারেজ জাহাজ ও অভ্যন্তরীণ রুটের জাহাজ চলাচলের জন্য নীতিমালা প্রণয়নে একটি কমিটি গঠন করা হয়েছে। এই নীতিমালা না হওয়া পর্যন্ত পণ্য লাইটারিং ও পরিবহনের বিষয়টি একটি মনিটরিং সেল দেখাশোনা করবে। শিল্প কারখানার নিজস্ব জাহাজ ও ডব্লিউটিসি পরিচালিত জাহাজগুলো আমদানি পণ্যের ৫০ শতাংশ হারে অর্ধেক অর্ধেক পরিবহন করবে।
প্রসঙ্গত, ২০ শতাংশ বর্ধিত ভাতার দাবিতে গত ৪ এপ্রিল থেকে লাইটারেজ জাহাজ ও অভ্যন্তরীণ নৌযান শ্রমিকরা এই ধর্মঘট শুরু করেন।