সংসদে যাবে না বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে আজ রবিবার জাতীয় সংসদের যে অধিবেশন বসতে যাচ্ছে; তাতে যোগ দিচ্ছে না প্রধান বিরোধীদল বিএনপি। দলের দায়িত্বশীল নেতারা বলেছেন, তারা এই অধিবেশনে যাবেন না। বিএনপি দলীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান বললেন, প্রশ্নই আসে না। আমাদের দলের শীর্ষ নেতারা সব জেলে। দেশজুড়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম, হত্যা, নির্যাতন চালানো হচ্ছে। ব্যারিস্টার মওদুদ আহমদ, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুকসহ ৫ এমপি ’মিথ্যা মামলায়’ কারাবন্দি। এই প্রতিহিংসার পরিবেশে সংসদে যোগ দেয়ার প্রশ্ন ওঠে কিভাবে?’দলের স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন বললেন, আমরা চিন্তা করছি না। দলীয় কোনো আলোচনাও হয়নি। এটা খুব গৌন এখন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চেয়ারপার্সনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু বললেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সর্বজনস্বীকৃত ব্যক্তিকে রাষ্ট্রপতি দেখতে চায় বিএনপি। সরকারের আচার-আচরণে আমরা হতাশ। আশরাফ উদ্দিন নিজান জানান, বর্তমানে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সালাহ উদ্দিন কাদের চৌধুরী, বরকত উল্লাহ বুলু, জয়নাল আবেদীন ফারুক ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী কারাগারে বন্দি। তাদের জামিন নিয়েও সরকার টালবাহানা করছে । এছাড়া যে সব এমপি বাইরে আছেন তাদের অধিকাংশের নামে একাধিক সাজানো মামলা দেয়া হয়েছে। বিরোধীদলের বর্জনের এই দৃশ্যপটের মধ্যে আজ বিকাল ৫টায় শুরু হবে নবম সংসদের ১৭তম অধিবেশন।