লেনদেনের ২১ ভাগ নতুন পাঁচ কোম্পানি ঘিরে
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৩, ২০:২১
গতকাল রবিবার শেয়ারবাজারে লেনদেন কমার সাথে সাথে কমেছে সূচক। সূচক কমার ক্ষেত্রে বড় কারণ হলো এদিন আর্থিক খাতের শেয়ারে বড় ধরনের দরপতন হয়েছে। এছাড়া পাট, প্রকৌশল ও ওষুধ খাত ছাড়া অবশিষ্ট ১৬টি খাতেরই শেয়ারের দাম আগের কার্যদিবসের তুলনায় কমেছে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, আগের কার্যদিবসের মতো গতকালও দর কমার ক্ষেত্রে শীর্ষে ছিল অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক এবং বীমা কোম্পানিগুলো। এ বছর আর্থিক খাতের কোম্পানিগুলো ভালো লভ্যাংশ দিতে না পারায় এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে সবচেয়ে বেশি। এদিকে গত কয়েকদিনের ধারাবাহিকতায় গতকালও শেয়ারবাজারের লেনদেনে সদ্য যুক্ত হওয়া কোম্পানিগুলোর প্রাধান্য ছিল। বেঙ্গল উইন্ডসোর, ওরিয়ন ফার্মা, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, গ্লোবাল হেভি ক্যামিক্যাল এবং প্রিমিয়ার সিমেন্টের লেনদেন ছিল মোট লেনদেনের ২১ দশমিক ৮৯ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গতকাল রবিবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৬ পয়েন্ট কমে ৩ হাজার ৫২৫ পয়েন্টে নেমে এসেছে। সাধারণ মূল্যসূচক কমেছে ৪০ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৬ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭৭ কোটি ৭৮ লাখ ৩৫ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ২৫ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৭২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারের তালিকাভুক্ত সাত কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে নিটল ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস শেয়ার, ঢাকা ইন্স্যুরেন্স ২০ শতাংশ নগদ, ফনিক্স ইন্স্যুরেন্স ২৫ শতাংশ শেয়ার, পিপলস ইন্স্যুরেন্স ১৫ শতাংশ নগদ, এনসিসি ব্যাংক ১০ শতাংশ শেয়ার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ১২ শতাংশ শেয়ার এবং ইবনে সিনা ১৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে।