নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের অপহূত ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে অপহরণকারী সুজনের বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ উপজেলার গোপিনাথপুর গ্রামের আবু হাশেম মিয়ার ছেলে খোকন মিয়াকে গ্রেফতার করে।
মামলার প্রধান আসামি অপহরণকারী সুজন পলাতক রয়েছে। তিনি গোপিনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন— গোপিনাথপুর গ্রামের রফিকুল ইসলাম আঞ্জু ও মামুন মিয়া।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায় বলেন, অপহরণের মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামিসহ বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।