চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০৩
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৩, ২২:৩৫
চীনের সিচুয়ান প্রদেশে গত শনিবারের ভূমিকম্পে অন্তত ২০৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো প্রায় ১১ হাজার মানুষ। কিছু এলাকায় উদ্ধারকারীরা পৌঁছেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশের ইয়ান শহরের নিকটে লুসানে শনিবার সকালে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, প্রাদেশিক রাজধানী চেংদুর ১১৫ কিলোমিটার পশ্চিমে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় এই ভূমিকম্পের উত্পত্তি হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে বিদ্যুত্ ব্যবস্থা, ট্রেন চলাচল, পানি সরবরাহ ও টেলিফোন সংযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। ভূমিকম্পের পর এক হাজার তিনশবারের বেশি কম্পন হয়। একারণে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্ধার তত্পরতা চালানোর ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী লি হেলিকপ্টারযোগে দুর্গত এলাকা পরিদর্শনে গেছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। উদ্ধার কাজ চালানোর জন্য ছয় হাজার সেনা দুর্গত এলাকায় গেছে।
নিহতদের বেশিরভাগই লুসান এলাকার, ইয়ান থেকে দূরত্ব অল্প হলেও প্রত্যন্ত পাহাড়ি এই এলাকার সরু রাস্তাগুলো ভূমিধসে বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। সেখানে পানি ও বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। হাসপাতালে আহতদের উপচেপড়া ভিড়, হাসপাতালের বাইরে তাঁবু টাঙিয়ে অনেককে চিকিত্সা দিতে দেখা গেছে। রেড ক্রস ও রেড ক্রিসেন্টের কেভিন সিয়া বলেন, আশ্রয় ও প্রয়োজনীয় উপকরণের সঙ্কট আছে। রাস্তা বন্ধ থাকায় রসদ সরবরাহে বিঘ্ন ঘটছে।