খালেদা জিয়ার পরিণতি হবে গোলাম-নিজামীর মতো :মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ধর্ম নিয়ে যে খেলা শুরু হয়েছে তা বন্ধ হওয়া প্রয়োজন। জামায়াত-হেফাজতসহ সব মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। কারণ তারা আইনের শাসন মানেন না। তাই তাদের কঠোর হাতে দমন করতে হবে। যত দ্রুত জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা যাবে, ততোই দেশের মঙ্গল। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ফটিকছড়ির মতো আবারো শক্তি পরিদর্শন করলে আপনার পরিণতি হবে গোলাম আজম ও নিজামীর মতো। গতকাল রবিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে সাম্যবাদী দল আয়োজিত জামায়াত-শিবিরসহ সব সামপ্রদায়িক দল নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মেনন বলেন, ফটিকছড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। অথচ বিএনপি নেতারা এটাকে জনপ্রতিরোধ বলছেন। আগামীতেও এ ধরনের ঘটনা ঘটানোর হুমকি দিয়েছেন তারা। রাশেদ খান মেনন বলেন, হেফাজতে ইসলাম আর জামায়াতে ইসলাম একই। তাদের মধ্যে কোন পার্থক্য নেই। হেফাজতের ১৩ দফা দাবি মানলে দেশ ১৩শ’ বছর পিছিয়ে যাবে। জামায়াতে ইসলাম কোন রাজনৈতিক সংগঠন নয় দাবি করে তিনি বলেন, সংবিধানের ৩৮ ধারা ও ৭৪ সালের বিশেষ আইনেই তাদের নিষিদ্ধ করা সম্ভব। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের ডা. অসিত বরণ রায়, গণআজাদী লীগের সভাপতি হাজী আবদুস সামাদ, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য কমরেড লুত্ফুর রহমান প্রমুখ। দিলীপ বড়ুয়া বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমেই দেশে ক্ষমতা হস্তান্তর হবে। যতই ষড়যন্ত্র হোক না কেন, অসাংবিধানিক উপায়ে মহাজোট সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না।