এক সপ্তাহের মধ্যে নোমানকে মুক্তি না দিলে হরতাল

এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আবদুল্ল¬াহ আল নোমানকে মুক্তি দেয়া না হলে বৃহত্তর চট্টগ্রামে হরতালসহ কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। নোমানের মুক্তির দাবিতে রবিবার নগরীর ষোলশহর থেকে জিইসি মোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচি চলাকালে এ ঘোষণা দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, চট্টগ্রামে চলমান গণ-আন্দোলন তীব্রতর করে তাকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে। পাঁচলাইশ থানা বিএপির আহ্বায়ক ও শুলকশহর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্মসম্পাদক এমএ সবুর, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আবুল হাশেম বক্কর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সভাপতি ও নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আকবর। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল প্রমুখ। শ্রমিক দলের মানববন্ধন কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, অন্যায়ভাবে কারারুদ্ধ করার প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে রবিবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহানগর শ্রমিক দলের সভাপতি তাহের আহমদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এএম নাজিমউদ্দিন।