বিয়ের পোশাকে রিপোর্টিং
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২০:০২
ভূমিকম্পের মতো গুরুতর কোনো দুর্যোগে যদি একজন রিপোর্টারকে তার বিয়ের পোশাকে রিপোর্টিং করতে দেখা যায় তাহলে হয়তো অনেকেই তার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলবেন। তবে বাস্তবতার প্রয়োজন যে কখনও কখনও গল্পকেও হার মানিয়ে যায় তারই প্রমাণ দিয়ে সম্প্রতি বিয়ের আসর থেকে উঠে এসেই টিভি রিপোর্ট উপস্থাপন করে সংবাদের জন্ম দিয়েছেন চীনের এক টিভি রিপোর্টার। আর দেশের জরুরি মুহূর্তে নিজের দায়িত্বের প্রতি এই ভালোবাসার প্রমাণ দেখিয়েই সম্প্রতি সমালোচনা নয়, বরং ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছেন চেন ইং নামের এই রিপোর্টার। ঘটনার বিবরণে জানা যায়, চেন যখন তার বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে স্থানীয় একটি স্টুডিওতে বিয়ের পোশাক পড়ে মেকআপ নিচ্ছিলেন তখনই ভূমিকম্প আঘাত হানে চীনের শিচুয়ান প্রদেশসহ বেশ কিছু অঞ্চলে। আর এই ঘটনার কয়েক মুহূর্ত পরেই চেন এর শহর ইয়ান ও এর আশপাশের অঞ্চলের মানুষের ক্ষয়ক্ষতির কথা গোটা দেশ ও বিশ্ববাসীকে জানাতে একযোগে কাজ শুরু করে টিভি চ্যানেলগুলো। দায়িত্বের প্রতি ভালোবাসা থেকে চেনও তাত্ক্ষণিকভাবে তার টিভি স্টেশনের সাথে দেখা করে বিয়ের পোশাক পরিহিত অবস্থাতেই নেমে আসেন ইয়ানের রাস্তায়। তার সাথে যোগ দেওয়া ক্যামেরাম্যানকে সাথে নিয়ে হলিডে প¬াজা ও আরও বেশ কিছু এলাকা ঘুরে ঘুরে ঘটনার প্রকৃত চিত্র ও ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়া মানুষের সাক্ষাত্কারও নিতে শুরু করেন। এভাবে বেশ কয়েকটি ঘটনাস্থলের চিত্র তুলে ধরার পর বিয়ের আসরে উপস্থিত হলেও দেশের জরুরি এই অবস্থায় বিয়ের অনুষ্ঠানকেও সংক্ষিপ্ত করে আনেন সাংবাদিকতা ও দায়িত্বের প্রতি নিবেদিত এই তরুণী। এদিকে চেন ইং-এর এই রিপোর্টটি সম্প্রচারিত হওয়ার পর খুব দ্রুতই তা ছড়িয়ে পড়ে ভিডিও আদান প্রদানের সাইট ইউটিউবসহ সামাজিক যোগাযোগের একাধিক সাইটে। আর সব জায়গাতেই দর্শকদের মুগ্ধ প্রশংসাই সঙ্গী হয়েছে চেন-এর।