সাতক্ষীরায় স্বাস্থ্য খাতের ১৮ কোটি টাকা ‘লোপাটের’ বিভাগীয় তদন্ত শুরু

সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে যন্ত্রাংশ ক্রয়ের নামে ১৮ কোটি টাকা লোপাটের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

সোমবার খুলনা বিভাগীয় ডেপুটি ডাইরেক্টর ও তদন্ত কমিটির প্রধান ডা. সৈয়দ জাহাঙ্গীর হোসেন, সদস্য মঞ্জুরুল মুরশিদ ও জাহাতাপ হোসেন এই তদন্তকার্য সম্পন্ন করেন। এ সময় তদন্ত তদারকি করতে আসেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা।

ডা. রাশেদা সুলতানা জানান, প্রাথমিকভাবে অসঙ্গতিপূর্ণ কাগজপত্র দেখে ও সার্ভে বোর্ডের লিখিত বক্তব্য নিয়ে অনিয়মের বিষয়টি সত্য বলে মনে হয়েছে। তবে তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত পূর্ণাঙ্গ বিষয়টি বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল ঢাকা থেকে উপসচিব হাছান মাহমুদ আকস্মিক সাতক্ষীরায় এসে এসব যন্ত্রাংশের খোঁজ নিলে তা দেখাতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ।