গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় সতীন ও শাশুড়ী গ্রেফতার

গোপালগঞ্জে গৃহবধূ ইতি তালুকদারকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা ঘটনায় সতীন ও শাশুড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার কোটালীপাড়া উপজেলার লখণ্ডা গ্রাম থেকে পুলিশ সতীন হাসি তালুকদার (২৫) ও শাশুড়ী যমুনা তালুকদারকে (৬০) গ্রেফতার করে। নিহত গৃহবধূর স্বামী মহাদেব তালুকদার ও সতীন হাসির ভাই কৃষ্ণ কান্ত বালা পলাতক রয়েছে। কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ জানান, গত ১৭ মার্চ রাতে মহাদেব তালুকদার ২য় স্ত্রী ইতি তালুকদারে কাছে যৌতুক দাবি করে। ইতি যৌতুক এনে দিতে অপারগতা প্রকাশ করলে মহাদেব ও তার ১ম স্ত্রী হাসি তালুকদার ক্ষিপ্ত হয়ে ইতিকে বেদম মারপিট করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। প্রাণ রক্ষার্থে ইতি বাড়ির পাশে পুকুরে পানিতে ঝাপ দেয়। স্বামীর বাড়িতে ১ মাস বিনা চিকিত্সায় নরক যন্ত্রণা ভোগ করার পর ১৭ এপ্রিল রাতে ইতি মারা যান। এ ঘটনায় ইতির ভাই সুবোধ রায় কোটালীপাড়া থানায় স্বামী, সতীন শাশুড়ীসহ ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।