রংপুরের পীরগঞ্জের সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলুকে হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন সাজা দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক গোলাম রসুল এই রায়ের আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলু পীরগঞ্জের ধাপেরহাট বাজার থেকে সার ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায় করে রাতে পীরগঞ্জ বন্দরে মটরসাইকেলযোগে ফিরছিলেন। পথে খেজমতপুর বাজারের কাছে একদল সন্ত্রাসী তার মটরসাইকেল রোধ করে সার ব্যবসায়ীকে রাম দা দিয়ে কুপিয়ে আহত করে তার কাছে থাকা নগদ ৪৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও মটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় আশরাফুল ইসলাম মারা যান। ঘটনার পরের দিন তার বড় ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন।
মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আসামি বিপ্লব ওরফে দীপু, সাইফুল ইসলাম ও বাদল মিয়াকে ফাঁসির আদেশ দেন। অপর চার আসামি জহুরুল ইসলাম, শাহানুর, মিলন ও মোফাজ্জল হোসেনকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।