‘অর্থনৈতিক শুমারি নতুন উন্নয়ন চক্রের সূচনা করবে’

দেশব্যাপী চলছে তৃতীয় অর্থনৈতিক শুমারি। ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া প্রথম পর্যায়ের গণনা কার্যক্রমের সচেতনতা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে গতিশীলতা আনতে শনিবার নরসিংদী জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যবসায়িক প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান। জেলা সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. এ কে এম অলি উল্যার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রডরিগস, জেলা শুমারি সমন্বয়কারী ইখতিয়ার উদ্দিন আহমেদ, উপ-প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক, বিবিএস এর সেন্সাস উইং এর পরিচালক জাহিদুল হক সরদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সচিব মো. নজিবুর রহমান জনিয়েছেন, অকৃষিমূলক খাতগুলোকে পরিকল্পিতভাবে উন্নয়নমুখী করার লক্ষ্যে একটি হালনাগাদ তথ্য ভান্ডার গড়ে তোলাই এ শুমারির মূল উদ্দেশ্য। তিনি বলেন, ‘অর্থনৈতিক শুমারি নতুন উন্নয়ন চক্রের সূচনা করবে’। এর মাধ্যমে অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিসংখ্যান সংকলন ও বিশ্লেষণ করাও সম্ভব হবে। মতবিনিময় সভা শেষে সরেজমিনে বিভিন্ন পর্যায়ে শুমারি কার্যক্রম পরিদর্শন করেন তিনি। সরেজমিনে দেখা গেছে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বৃহত্ শিল্প প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পর্যন্ত অনেকটা স্বতঃস্ফূর্তভাবেই তথ্য সরবরাহ করছেন। জেলা সদরের নাগরিয়াকান্দি এলাকায় অবস্থিত ইউএমসি জুট মিলে গিয়ে দেখা যায় সেখানে অর্থনৈতিক শুমারির গণনা করছেন সিমু আক্তার। তিনি জানান, পুরো তথ্য পেতে তার অনেকটা সময় লেগেছে। কারণ হিসেবে বললেন, মিল কর্তৃপক্ষ কোন ভুল তথ্য দিতে নারাজ। তারা চাইছে সঠিক এবং নির্ভুল তথ্য সরবরাহ করতে। ফলে হিসেব-নিকেশ করে প্রশ্নপত্রের উত্তর দিতে তাদের কিছুটা সময় লেগেছে। অর্থনৈতিক শুমারির উপ-প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক জানিয়েছেন প্রথম পর্বের ৩৭টি জেলায় ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনব্যাপি তৃতীয় অর্থনৈতিক শুমারির মূল গণনা কার্যক্রম চলবে।