নাইজেরিয়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ১৮৫
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২১:১৯
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বাগা শহরে সেনাবাহিনী ও ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের মধ্যে তুমুল সংঘর্ষে ১৮৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে বহু লোক । এছাড়া সহিংসতায় বিধ্বস্ত হয়েছে প্রায় ২ হাজার ঘরবাড়ি। রবিবার সরকারি কর্মকর্তারা এ খবর জানান।
সূত্র জানায় , গত শুক্রবার পার্শ্ববর্তী দেশ চাদ সংলগ্ন দুর্গম সীমান্ত অঞ্চল বাগায় এই সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে তা চলতে থাকে। বার্তা সংস্থা এপি জানায়, সংঘর্ষকালে স্থানীয় লোকজন কোন উপায়ন্তর না পেয়ে যে যেদিকে পারে পালাতে থাকে। কেউ কেউ সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশ চাদের দিকে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি শান্ত হলে সরকারি কর্মকর্তারা রবিবার ওই এলাকায় গেলে সেখানে তারা শুধু দেখতে পান ধ্বংসযজ্ঞ। বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল অস্টিন এডোপায়েক বলেন, বোকো হারাম সংঘর্ষের সময় ভারী মেশিনগান ও রকেট চালিত গ্রেনেড ব্যবহার করেছে। বোকো হারামের পক্ষ থেকে এ হামলা শুরু হয় যখন সৈন্যরা ওইদিন একটি মসজিদ চারপাশ থেকে ঘিরে ফেলে। তাদের ধারণা ছিল সেখানে জঙ্গিদের আস্তানা রয়েছে।
এডোপায়েক বলেন, জঙ্গিরা বেসামরিক লোকদের মানবঢাল হিসাবে ব্যবহার করেছে। সেখানে যখন তুমুল সংঘর্ষ চলে তখন তারা এ কৌশল অবলম্বন করে । এতে করে সেখানে মৃতের সংখ্যা আরো বেড়ে যায়। তবে স্থানীয় অধিবাসীরা সাংবাদিকেদের জানান, সৈন্যরা ইচ্ছে করলে এতো হতাহতের সংখ্যা এড়াতে পারতো। কেননা মানবঢাল হিসাবে ব্যবহারকালে তারা ইচ্ছে করলে তাদের আক্রমণের কৌশল পরিবর্তন করতে পারতেন।