পাঁচ দফা কমার পর বেড়েছে স্বর্ণের দাম

চলতি বছরে পাঁচদফা দাম কমে যাওয়ার পর এবার স্বর্ণের দাম বেড়েছে। ছয় দিনের ব্যবধানে এ দফায় প্রতি ভরিতে গড়ে নয়শ’ টাকা বেড়েছে। আজ বুধবার থেকে দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নির্ধারিত নতুন মূল্য তালিকায় ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে দাম বেড়েছে ৯৯২ টাকা। আগের নির্ধারিত ৫১ হাজার ৩২১ টাকার পরিবর্তে এখন ৫২ হাজার ৩১৩ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে বেড়েছে ৯৯১ টাকা। আগে মূল্য ছিল ৪৮ হাজার ৯৮৮ টাকা, এখন বিক্রি হবে ৪৯ হাজার ৯৮০ টাকা করে। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৮৭৪ টাকা বেড়ে এখন বিক্রি হবে ৪২ হাজার ৮৬৫ টাকায়। আগে এ মানের স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ৪১ হাজার ৯৯০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরিতে বেড়েছে ৪১৬ টাকা। অর্থাত্ ভরিপ্রতি ২৯ হাজার ৫০৯ টাকার বদলে এখন ৩০ হাজার ৩২৬ টাকায় বিক্রি হবে। একইসঙ্গে প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম এক হাজার ২২৫ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৪০০ টাকা নির্ধারিত হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ইত্তেফাককে বলেন, আন্তর্জাতিক বাজার পর্যালোচনা দেশের বাজারের মূল্য নির্ধারিত হয়। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও বাড়ানো হয়েছে।