মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনের পাল্টা জবাব
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২১:৩৩
চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের পাল্টা জবাব দিয়েছে চীন।
রবিবার চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত ওই প্রতিবেদনে নিজের নাগরিকদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে চীন। এছাড়া, নারীদেরও সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠিগুলোকে লাঞ্ছিত করা এবং আগ্নেয়াস্ত্রের সাহায্যে সংঘটিত অপরাধ করার ক্ষেত্রে বৈধতা দেয়ার জন্যও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে চীন। গত সপ্তাহে বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত যুক্তরাষ্ট্রের বার্ষিক সরকারি প্রতিবেদনে চীনে বিশেষত, তিব্বতি, জিনজিয়াং এর মুসলিম সমপ্রদায় এবং মানবাধিকার কর্মীদের ওপর দমনপীড়নের অভিযোগ করা হয়।
চীনের রাষ্ট্রীয় সিনহুয়া বার্তা সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশ্ব বিচারক হওয়ার কোনো অধিকার নেই। আর তাই অন্যের খুঁত খোঁজার চেয়ে তাদের নিজের চরকায় তেল দেয়াটাই বেশি ভাল হবে।” যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে আগের বছরগুলোর মতোই চীনসহ বিশ্বের ১৯০টিরও বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অভিযোগপূর্ণ এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্র নিজেদের মানবাধিকার পরিস্থিতির দিকে কোনো দৃষ্টি দেয়নি এবং সে ব্যাপারে কোনো কথাও বলেনি বলে চীন অভিযোগ করেছে।