সংবাদ কণিকা
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২১:৩৫
দ্রুততম স্পোর্টস কার
চীনের ‘সাংহাই অটো শো’তে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইলেক্ট্রিক স্পোর্টস কার এসপি:০১ প্রদর্শন করেছে মার্কিন প্রতিষ্ঠান ডেট্রয়েট ইলেক্ট্রিক। প্রযুক্তিবিষয়ক সাইট গিজম্যাগ জানিয়েছে, বিদ্যুত্চালিত গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪৯ কিলোমিটার। বলা হয়েছে, এই গাড়িটি বিদ্যুতে চলার কারণে গতি বাড়ানোর সময় বারবার গিয়ার পাল্টানোর ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে না চালককে। ডেট্রয়েট ইলেক্ট্রিক জানিয়েছে, গাড়িটির ৩৭ কিলোওয়াটের ব্যাটারি এক চার্জেই পাড়ি দেয়া যাবে ১৯০ মাইল।
গাড়িটির দাম ধরা হয়েছে দুই লাখ মার্কিন ডলার। —বিডি নিউজ
ভায়াগ্রা ওজন কমায়!
নিয়মিত ভায়াগ্রা সেবন ওজন কমাতে সহায়ক। জার্মান বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা গেছে এই তথ্য। তবে আপাতত এই সত্যটি প্রযোজ্য ইঁদুরের ক্ষেত্রে। কেননা, গবেষণা হয়েছে ইঁদুরের উপর, মানুষের উপর নয়। বিশ্বের তিন কোটি মানুষ বর্তমানে যৌনক্ষমতা বাড়াতে সিলডেনাফিল বা ভায়াগ্রা সেবন করেন। মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের দেয়া তথ্য এটি। ১৯৯৮ সাল থেকে ডায়মন্ড সাদৃশ্য ভায়াগ্রা তৈরি করছে এই প্রতিষ্ঠানটি। সম্প্রতি বন বিশ্ব-বিদ্যালয়ের একদল বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছেন, প্রতিদিন ভায়াগ্রা গ্রহণের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। —ডয়েচে ভেলে