পীরগঞ্জে পিকেটারের এক মাস জেল
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২১:৪৩
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগে বিএনপি’র ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলাকালে রবিবার দুপুরে পীরগঞ্জে পিকেটিংয়ের সময় বাই সাইকেল ভাংচুর করার অভিযোগে রতন (১৯) নামে এক ছাত্রদল কর্মীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পীরগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, দুপুরে শহীদ অধ্যাপক গোলাম মোস্তফা সড়কের অগ্রণী ব্যাংকের সামনে হরতালের পক্ষে পিকেটিং করার সময় জগথা গ্রামের মসলিমউদ্দীনের ছেলে আনোয়ার হোসেনের একটি বাই সাইকেল ভাংচুর করে ছাত্রদল কর্মী রতন। থানা পুলিশ তাকে আটক করে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মেদ এই রায় দেন।