নাটোর সুগার মিলে ৭৭ কোটি টাকার চিনি অবিক্রীত

নাটোর সুগার মিলে ৭৭ কোটি টাকার চিনি অবিক্রিত থাকায় আখ চাষিদের পাওনা ৬ কোটি টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। চাষিরা বিল/চেক ভাঙাতে না পেরে ১০ থেকে ১৫ শতাংশ কম দামে ফড়িয়াদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। চিনিকল অফিস সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর মিলটিতে চিনি উত্পাদন শুরু হয়। চলতি মৌসুমে ১৩৫ দিন মিল চালু ছিল। এই সময়ে ১ লাখ ৯৬ হাজার ৩৩০ টন আখ মাড়াই করে ১৪ হাজার ৬৩ টন চিনি উত্পাদিত হয়। গত মৌসুমে উত্পাদিত হয় ৭ হাজার ৩৫০ টন। দুই মৌসুমে মোট উত্পাদন হয়েছে ২১ হাজার ৪১৩ টন চিনি। এর মধ্যে বিক্রি হয়েছে মাত্র ৬০২১ টন। অবশিষ্ট ১৫ হাজার ৩৯২ টন চিনি গুদামে মজুদ আছে। নাটোর সুগার মিলের গুদামে স্থান না হওয়ায় ৩ হাজার টন চিনি পাবনা সুগার মিলের গুদামে পাঠানো হয়েছে। দীর্ঘদিন মজুদ রাখার কারণে চিনি বিনষ্টের আশংকা রয়েছে। ৫০ টাকা কেজি দরে এই চিনির মূল্য ৭৬ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। চিনি বিক্রি না হওয়ায় আখের মূল্য বাবদ চাষিদের পাওনা প্রায় ৬ কোটি টাকা পরিশোধ করা সম্ভব হয়নি বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছেন। কিন্তু ব্যাংক থেকে ঋণ নিয়ে শ্রমিক-কর্মচারিদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে।