মেহেরপুরে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে গণবিক্ষোভ

মেহেরপুর সদর উপজেলার বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শমসের আলী মালিথার হত্যাকাণ্ডের প্রতিবাদে পূর্ব ঘোষিত গণবিক্ষোভ কর্মসূচীর ২য় দিনে সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে গত রবিবার দুপুরে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, ব্যর্থ সরকারের বিরুদ্ধে মেহেরপুরে জনগণের সংগ্রামকে দুর্বল করার লক্ষ্যে একের পর এক গুম-হত্যার রাজনীতি শুরু হয়েছে। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, আমঝুপী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও জেলা বিজেপি সভাপতি শেখ সাঈদ আহমেদ। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।