সংবাদ সংক্ষেপ

মঠবাড়িয়ায় আওয়ামী লীগের সম্মেলন মঠবাড়িয়া সংবাদদাতা \ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত রবিবার আমড়াগাছিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ার হোসেন। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাঈদ সভাপতি ও মহিউদ্দিন আহমেদ সেলিম সাধারণ সম্পাদক ও দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কালীগঞ্জে বিনামূল্যে পাট বীজ বিতরণ কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়নে গত রবিবার দুপুরে ১৫০ জন কৃষকের মাঝে ২ কেজি করে বিনামূল্যে ভারকীয় উচ্চ ফলনশীল উফসী জাতের পাট বীজ বিতরণ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার প্রান্তিক চাষীদের স্বাবলম্বী করার লক্ষ্যে এ বছর কৃষকদের উত্সাহিত করার জন্য বীজ এবং সার সরবরাহ করছে। এ সময় উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম রসুল, উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন পাট বীজ কর্মকর্তা সহিদুল ইসলাম প্রমুখ। গাজীপুরের টঙ্গীতে মতবিনিময় সভা টঙ্গী সংবাদদাতা \ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. নাজিম উদ্দিন আহম্মদ টঙ্গী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে গত রবিবার মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল জনতার পার্টির মহাসচিব আমজাদ হোসেন, সচেতন নাগরিক পরিষদের সভাপতি অধ্যক্ষ বেনজির আহমেদ, অর্থ সচিব বাবুল আক্তার, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আতিক, সদস্য খলিলুর রহমান, সদস্য মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দৌলতপুরে বিজিবির শক্তি বৃদ্ধির লক্ষ্যে সেমিনার দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের মহিষকুণ্ডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধের জন্য বিজিবি’র সার্বিক ব্যবস্থার উন্নয়ন এবং শক্তি বৃদ্ধিকরণ’ এর লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১০ টার দিকে দৌলতপুর সীমান্তের প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি মাধ্যমিক বিদ্যালয়ে ৩২ বর্ডার গার্ড বাংলাদেশ কুষ্টিয়া সেক্টরের আয়োজনে উক্ত সেমিনারে বক্তব্য রাখেন ৩২ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি‘র কুষ্টিয়া সেক্টরের উপ-অধিনায়ক মেজর তারেক মাহমুদ সরকার। হাজীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০১৩-১৪ইং সনের কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড চাইনিজে বিদায়ী সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: কামাল হোসেনের পরিচালনায় কমিটি হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে অনুমোদিত নতুন কমিটির সভাপতি পদে মোহাম্মদ শাহজাহান মুন্সী ও সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। ধুনটে নারীর মানবাধিকার বিষয়ক মতবিনিময় ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ধুনটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন বন্ধসহ নারীর মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক। ঝিনাইদহে কোটি টাকার ভারতীয় পণ্য আটক ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহ শহরের পাইপাস মোড থেকে বিজিবি এক ট্রাক ভারতীয় পণ্য আটক করেছে। গত রবিবার সন্ধ্যার আগে এ পণ্য আটক করা হয়। চুয়াডাঙ্গা বিজিবি’র-৬ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নাহিদুজ্জান জানান, ট্রাক বোঝায় ভারতীয় কাপড় বেনাপোল থেকে ঢাকা যাচ্ছিল। তারা জানতে পারেন ট্রাকটিতে চোরাচালনের পণ্য রয়েছে। এ সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরের প্রবেশ মুখে বাইপাস মোড় থেকে পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিচ, ধুতি ও থান কাপড়। আটককৃত পণ্যের মূল্য আনুমানিক এক কোটি টাকা হবে। নাসিরনগরে ফুফাতো ভাইয়ের আঘাতে মৃত্যু নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষ ফুফাতো ভাইয়ের লাঠির আঘাতে আহত জানু মিয়া (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। শনিবার বিকালে উপজেলা সদরের কুলিকুণ্ডা গ্রামে ডোবা থেকে পানি সেচে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের ফুফাতো ভাই আলমাছ মিয়ার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তারই ভাই আবুইছা মিয়ার হাতে থাকা লাঠি দিয়ে জানু মিয়ার মাথায় আঘাত করে। তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তির পর রাতেই মারা যায়। কসবায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ কসবা (ব্রাহ্মণাবড়িয়া) সংবাদদাতা \ কসবা উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তার অভিযানে বাল্য বিবাহ থেকে মুক্তি পেল কসবার তালতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী। বিবাহ অনুষ্ঠান থেকে একই উপজেলার মৃত মজনু মিয়ার পুত্র সৌদি প্রবাসী বর ফরিদ উদ্দিন পালিয়ে গেলে কন্যার পিতা জায়েদ পাঠানকে ধর্মপুর গ্রামে বিবাহ অনুষ্ঠান থেকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিয়ে দেবেন না এ মর্মে মুচলেকা রেখে জায়েদ পাঠানকে ছেড়ে দেন। বোতলাগাড়ি ইউপির গ্রাম-আদালত জেলাতে শ্রেষ্ঠ সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জেলার ৬০টি ইউনিয়নের মধ্যে ৩০টি ইউনিয়নে গ্রাম-আদালত কার্যক্রম পরিচালনা করায় গ্রামের ছোট-খাটো বিবাদ মিটে যাচ্ছে এবং সাধারণ মানুষ আইনি জটিলতাসহ অর্থনৈতিকভাবে মুক্ত থাকছেন। এ্যাকটেভিং ভিলেজ কোর্টন ইন বাংলাদেশ ও ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেন (ইএসডিও) যৌথভাবে এটি পরিচালনায় সহায়তা করছে। সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করায় জেলার সৈয়দপুর উপজেলার ৪নং বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জেলা মূল্যায়ন কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বোতলাগাড়ি ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার জানান, ইউনিয়নের মানুষের সার্বিক সহযোগিতা ও পরিচালনাকারী সংস্থার সহায়তায় এই গৌরব অর্জন করা সম্ভব হয়েছে। সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের ২০তম সম্মেলন সুনামগঞ্জ প্রতিনিধি \ ‘মুক্তিযুদ্ধের অগ্নিস্পর্ধিত চেতনায় যুদ্ধে এসো নওজোয়ান’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ-এর সভাপতি পিনাক রায় পিন্টু, সুনামগঞ্জ জেলা সিপিবির সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক রহমান মিজান প্রমুখ। কাপাসিয়ায় এঞ্জেল এসোসিয়েশনের ছাত্র কল্যাণ বৃত্তি সমাবেশ ১৬ এপ্রিল জাপানের স্বেচ্ছাসেবী সংস্থা আন্তর্জাতিক এঞ্জেল এসোসিয়েশন পরিচালিত ছাত্র কল্যাণ বৃত্তি প্রদান সমাবেশের মাধ্যমে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঈদগাহ উচ্চ বিদ্যালয়ে ৫০০জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক এঞ্জেল এসোসিয়েশনের নির্বাহী পরিচালক মোঃ আজিজুল বারী। বক্তব্য রাখেন: গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের অধ্যক্ষ খন্দকার মোঃ গোলাম মোস্তফা ও ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল ইসলাম মোল্লা। উল্লেখ্য, গাজীপুর জেলার কোনাবাড়ীতে অত্র সংস্থা সারাদেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৪,৫০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে বাত্সরিক বৃত্তি প্রদান করে থাকে। — প্রেস বিজ্ঞপ্তি করিমগঞ্জের এসি ল্যান্ড পদটি ৪বছর শূন্য করিমগঞ্জ(কিশোরগঞ্জ) সংবাদদাতা \ করিমগঞ্জ উপজেলা ভূমি অফিসের এসি ল্যান্ড পদটি ৪বছর যাবত্ শূন্য হয়ে আছে। ফলে এ অফিসের কাজকর্ম নিয়ে নানারকম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। জানা গেছে, ২০০৯ সালের ১৫ জুন করিমগঞ্জের এসি ল্যান্ড লুত্ফুন্নাহার বেগম অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকে এ পদে আজ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। ভূমি অফিসে জমি রেজিস্ট্রেশনসহ অন্যান্য কাজ বর্তমানে অনেক বেড়ে গেছে। লোহাগাড়ায় বিনামূল্যে সার, বীজ ও টাকা বিতরণ লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লোহাগাড়ার আয়োজনে খরিপ-১ এর উফশী আউশ ধান উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা হিসাবে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের মাঝে গতকাল সোমবার বিনামূল্যে সার, বীজ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। রামগঞ্জে শিক্ষকদের মানববন্ধন রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সোমবার মুক্তিযোদ্ধা মঞ্চ সম্মুখে শিক্ষক আবদুল মালেক চৌধুরী ও আবু ছায়েদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি মজিবুল হক, সম্পাদক মনজুরুল হক ফারুক, পৌর প্যানেল মেয়র শাহাজান, শিক্ষক বেলায়েত হোসেন, দিলীপ কুমার পাল, আক্কাস মিয়া, তছলিম মিয়া, বিল্লাল মজুমদার, মোস্তফা কামাল, সেলিম হোসেন পাটোয়ারী, তাজুল ইসলাম পাইন, সৌরভ হোসেন প্রমুখ। বটিয়াঘাটায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সভা বটিয়াঘাটা(খুলনা)সংবাদদাতা\ উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সামাজিক নিরীক্ষণ বিষয়ক সভা গতকাল সোমবার দুপুরে জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ। বক্তব্য রাখেন মান উন্নয়ন কমিটির ব্যবস্থাপক মুরাদ হোসেন, নিরঞ্জন রায়, প্রদীপ বিশ্বাস, তুষার,গোলদার, রবীন গাইন, গোবীন্দ মল্লিক, পিযূষ মল্লিক, চৈতালী রায়, লাবণ্য ঠিকাদার। মীর্জাগঞ্জে গাছ চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ মীর্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে গাছ চাপা পড়ে আনেচ হাওলাদার (৫৫) নামে এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জানা যায়, পশ্চিম সুবিদখালী গ্রামের গাছ ব্যবসায়ী আনেচ হাওলাদার গত রবিবার বিকালে লোকজন নিয়ে একই গ্রামের আব্দুল জব্বার জোমাদ্দারের বাড়িতে ক্রয়কৃত একটি রেইন্ট্রি গাছ কাটার সময় ওই গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ঐদিন সন্ধ্যায় তিনি মারা যান। ধামরাই উপজেলা পরিদর্শনে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ ধামরাই সংবাদদাতা \ ২১ এপ্রিল ন্যাশনাল ডিফেন্স কলেজের দেশি-বিদেশি প্রশিক্ষণার্থী ও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ ধামরাই উপজেলা পরিদর্শনে আসেন। কমান্ডার আনোয়ারুল ইসলামের নেতৃত্বাধীন এ পরিদর্শক দলে ছিলেন দেশি-বিদেশি ৫৩ জন ব্রিগেডিয়ার জেনারেল, ১০ জন জয়েন্ট সেক্রেটারী ও ১ জন ডিআইজি। তারা ধামরাই উপজেলা কার্যালয়, সোমভাগ ইউনিয়ন পরিষদ, সোমভাগ স্বাস্থ্য কমপ্লেক্স এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।