৩২তম বিসিএস ও অমানবিক সিদ্ধান্ত

আমি ৩২তম বিসিএস-এ (নারী কোটা) লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ক্যাডার হিসেবে নিয়োগ পাইনি। অথচ ৩২তম বিসিএস-এর এখনো প্রায় হাজারখানেক পদশূন্য রয়েছে। অনেক সময় বিশেষ কোটাসমূহে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে তা সাধারণ মেধা কোটা থেকে পূরণ করা হয়। কিন্তু সম্প্রতি মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ৩২তম বিসিএস-এর শূন্য পদগুলো ৩৩তম বিসিএস-এর মেধা কোটা থেকে পূরণ করা হবে। এ কেমন অমানবিক সিদ্ধান্ত? যদি পদগুলো সংরক্ষণ করা নাই হয়, যদি মেধা কোটা থেকেই নিয়োগ দেয়া হয় তবে তা ৩২তম থেকে নয় কেন? এ-তো মুখের সামনে থেকে ভাতের থালা কেড়ে নেয়া। আমরাও অন্যান্য বিসিএস-এর মতো সমস্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছি। সুতরাং ৩২তম বিসিএস-এর শূন্য পদগুলোর ন্যায়সঙ্গত দাবিদার কেবল ৩২তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীরাই। তাই এই অযৌক্তিক ও রূঢ় সিদ্ধান্তটি বাতিল করা হোক। এ অবস্থায় ঊর্ধ্বতন মহলের কাছে বিনীত আবেদন এই যে, ৩২তম বিসিএস’র শূন্য পদগুলো ৩২তম থেকেই পূরণ করা হোক। দয়া করে আমাদের বঞ্চিত করবেন না। সামিনা রহমান হেলেন, সাভার, ঢাকা