রেলওয়ের কমান্ড্যান্ট এনামুলের বিরুদ্ধে দুদকের চার্জশীট অনুমোদন

রেলে নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত রেলওয়ে (ঢাকা) কমান্ড্যান্ট এনামুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় চার্জশীট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার চার মাস পর গতকাল সোমবার চার্জশীট চূড়ান্ত ও অনুমোদন করে দুদক। এর মধ্য দিয়ে রেল কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকেই বিচারের আওতায় নিয়ে আসা হলো। গত বছরের ১৬ ডিসেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদি হয়ে রমনা মডেল থানায় এনামুলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। গত চার মাস ধরে তদন্ত করে চলতি মাসের প্রথমদিকে তদন্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। সম্পদের মিথ্যা তথ্য প্রদান ও ৫৬ লাখ ১৫ হাজার টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগে এনামুলের বিরুদ্ধে চার্জশীট প্রদান করা হলো। ২০১২ সালের ৯ এপ্রিল রাতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে সাবেক রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়ি থেকে ৭০ লাখ টাকা উদ্ধার করা হয়। ওই সময় গাড়িতে ফারুক ছাড়াও ছিলেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) ইউসুফ আলী মৃধা, কমান্ড্যান্ট এনামুল হক ও গাড়িচালক আলী আজম। এতো টাকা উদ্ধারের ঘটনায় অনুসন্ধানে নামে দুদক। অবৈধ সম্পদের অভিযোগে ফারুক ও মৃধার বিরুদ্ধে গত বছরের ১৪ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। তিন মাসের মাথায় ওই দু’জনের বিরুদ্ধে চার্জশিটও দেয়া হয়। এর মধ্যে এপিএস ফারুক আদালতে জামিন আবেদন করলেও বর্তমানে কারাগারে আছেন। মৃধা আত্মগোপনে রয়েছেন। তবে এনামুলের বিরুদ্ধে চার্জশীট দিতে কালক্ষেপণ করার অভিযোগ ওঠে দুদকের বিরুদ্ধে। এ নিয়ে বিতর্কের মুখে পড়ে দুদকের তদন্ত প্রক্রিয়া। ভেতরে-বাইরে ব্যাপক চাপের মুখে শেষ পর্যন্ত মামলার চার্জশিট প্রদান করতে বাধ্য হয় দুদক। প্রসঙ্গত, রেল কেলেঙ্কারির ঘটনায় সে সময় রেল মন্ত্রণালয় ছাড়তে বাধ্য হন বর্তমান দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। সরকারি চাকরির বিধি লঙ্ঘনের কারণে এনামুলকে সাময়িক বরখাস্ত করা হয়। তত্কালীন রেলমন্ত্রীর প্রাক্তন এপিএস ফারুককে চাকরি থেকে বরখাস্ত এবং মৃধাকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া এনামুলের বিরুদ্ধে পূর্বাঞ্চল রেলে টাকার বিনিময়ে নিয়োগ দেয়ার অভিযোগ আনা হয়। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এনামুলের বিরুদ্ধে আরও মামলা হতে পারে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।