২৫-২৭ এপ্রিল হজ্ব মেলা
হজ্বযাত্রী পরিবহনে আরো ৫টি বিমান সংস্থাকে সুযোগ দিতে চায় হাব
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২২:৩১
হজ্বযাত্রী পরিবহনে সেবার মান বাড়াতে আরও ৫টি বিমান সংস্থাকে পরিবহনের সুযোগ দিতে সুপারিশ করেছে হজ্ব এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। পবিত্র হজ্বের সময় পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে থার্ড ক্যারিয়ারের দাবি জানিয়ে বিমান ও সৌদি এয়ার লাইন্সের পাশাপাশি ৫টি বিমান সংস্থাকে পরিবহনের সুযোগ দেয়ার আহবান জানিয়েছে হাব।
৬ষ্ঠ হজ্ব ও ওমরাহ মেলা উপলক্ষে হাব এর সভাপতি এম. ইব্রাহিম বাহার গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, থার্ড ক্যারিয়ারের বিমান সংস্থাগুলোর মধ্যে কাতার, কুয়েত, ইত্তেহাদ, এমিরাটস এবং ইউনাইটেড এয়ারওয়েজকে যাত্রী পরিবহনের সুযোগ দেয়ার সুপারিশ করা হয়েছে। এগুলো মধ্যপ্রাচ্যের প্রতিষ্ঠান হওয়ায় স্বল্প সময়ে পরিবহনের সুযোগ থাকবে। তবে বিতর্কিত বিমান সংস্থা নাস’কে সুযোগ না দেয়ারও অনুরোধ জানিয়েছে হাব। কারণ এই সংস্থাটির বিরুদ্ধে যাত্রী হয়রানির গুরুতর অভিযোগ রয়েছে।
২৫-২৭ এপ্রিল ৩ দিনব্যাপি এই মেলা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এতে হজ্বযাত্রীদের সঙ্গে এজেন্সিগুলোর যোগসূত্র স্থাপিত হবে। যাত্রীরা মূল্য যাচাই করে সরাসরি এজেন্সির সঙ্গে হজ্ব বুকিং ও চুক্তি করতে পারবেন। এতে করে মধ্যস্বত্বভোগীর হাত থেকে রক্ষা পাওয়া যাবে এবং হাজিরা পছন্দ মতো এজেন্সিকে বেছে নিতে পারবেন। তিনি আরও বলেন, সরকার কর্তৃক লাইসেন্স পাওয়া এজেন্সি ছাড়াও সরকারি হজ্ব পরিচালনার যাবতীয় তথ্য এখানে পাওয়া যাবে। এজন্য মেলায় ধর্ম মন্ত্রণালয়ের একটি স্টলও থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিগগিরই চট্টগ্রাম ও সিলেটে হজ্ব মেলার আয়োজন করা হবে।