ভিসির অপসারণের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তালা
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২২:৫১
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু. আব্দুল জলিল মিয়ার অপসারণের দাবিতে এবং শিক্ষকের ওপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য হুমকি প্রদান করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সকালে ভিসি অপসারণের দাবিতে দুর্নীতি বিরোধী মঞ্চের শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেন জেলার বিভিন্ন বামপন্থি রাজনৈতিক দলের নেতারা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শনিবার রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্র-পুলিশের ত্রিমুখী সংঘর্ষের জের ধরে ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরও প্রশাসনিক ভবন খোলা রাখা হয়েছিল। তাই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের ১০ মিনিটের মধ্যে ভবন ত্যাগ করার হুমকি প্রদান করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটেও তালা ঝুলিয়ে দেন। কোন অপ্রীতিকর ঘটনার আগেই বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পাসে এলে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করেন। সব ধরনের সহিংসতা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে বলে কোতয়ালী থানার ওসি সাহাবুদ্দিন খলিফা জানিয়েছেন। অপরদিকে শিক্ষক তুহিন ওয়াদুদের দায়ের করা মামলায় জেলা দায়রা জজ আদালত বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার নিয়োগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।