বিচারকের সাক্ষীর বৈধতা নিয়ে মুফতি হান্নানের আবেদন খারিজ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জবানবন্দি গ্রহণকারী বিচারকের দেয়া সাক্ষ্য প্রত্যাহার চেয়ে আসামি মুফতি হান্নানের করা আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি মো. ফারুকের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী বিচারক এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়ার সাক্ষ্যের বৈধতা নিয়ে আসামি পক্ষের আবেদন খারিজ করেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন। ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করেন মুফতি হান্নান। আদালতে রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম ও হান্নানের পক্ষে ব্যারিস্টার ফখরুল ইসলাম শুনানি করেন। ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নান ২০০৭ সালে একটি জবানবন্দি দিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষ দাবি করছে, মুফতি হান্নান ২০১১ সালে আরেকটি জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, হান্নান ওই ম্যাজিস্ট্রেটের কাছে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় জবানবন্দি দিয়েছিলেন। হত্যা মামলায় কোন জবানবন্দি দেননি। কিন্তু রাষ্ট্রপক্ষ তার ওই জবানবন্দি হত্যা মামলায় ব্যবহার করছে। ওই জবানবন্দির ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। বিচারিক আদালতে এই সাক্ষ্য বাদ দিতে আমরা আবেদন করেছিলোম। কিন্তু তা খারিজ হয়ে যায়। ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন হান্নান।