এটিএন নিউজ থেকে পদত্যাগ করলেন আবেদ খান
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২২:৫১
এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক আবেদ খান পদত্যাগ করেছেন। রবিবার তিনি এটিএন চেয়ারম্যান বরাবর তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। কর্তৃপক্ষের আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি পদত্যাগ করেছেন বলে আবেদ খান তার পদত্যাগপত্রে উল্লেখ করেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে আমি প্রতিষ্ঠানটির জন্য যখনই ইতিবাচক পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছি, তখনই নানাভাবে আমাকে বিব্রত করা হয়েছে, ক্ষমতাশূন্য করা হয়েছে। এ সবই হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতা অথবা পরোক্ষ ইন্ধনে।
আবেদ খান বলেন, এ প্রতিষ্ঠান গুটিকয়েক মানুষের কাছে জিম্মি হয়ে আছে। প্রতিষ্ঠানটির ভারি বাতাসের ভেতরে এখানে স্বস্তির নিঃশ্বাসে কাজ করতে পারে না বেশির ভাগ কর্মী। যাদের কারণে এখানকার বাতাস ভারি হয়ে থাকে, তাদের কাছে নতজানু না হয়ে কেউ টিকতে পারে না এখানে।
তিনি বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক হিসেবে আমার কাছে সব ধরনের অফিসিয়াল ফাইল পাঠানোর নিয়ম থাকলেও তা প্রতিনিয়ত লঙ্ঘন করা হতো। আমার অফিসরুম একবার তছনছ করা হয়, বিষয়টি আপনাকে অবগত করা হলেও তার সুরাহা হয়নি।
পদত্যাগপত্রে তিনি আরো বলেন, গত ১৬ এপ্রিল ’১৩ তারিখে আপনি আমাকে একটি চিঠি দিয়েছেন বলে জানতে পারি। চিঠিটি আমার হাতে পৌঁছানোর আগেই এর অনুলিপি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া হয়। এটা অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের পরিপন্থী এবং ব্যক্তি আত্মমর্যাদার ক্ষেত্রে অবমাননাকর।
তিনি বলেন, আমার প্রতি এটিএন নিউজের এমন অমর্যাদাকর আচরণ আমাকে ক্রমাগত নিদারুণভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।