মোশাররফের রাষ্ট্রদ্রোহ মামলা চালাবে না তত্ত্বাবধায়ক সরকার

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম অব্যাহত রাখবে না দেশটির তত্ত্বাবধায়ক সরকার। সরকার গতকাল সোমবার এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, এটা তাদের দায়িত্ব নয়। তাদের দায়িত্ব জাতীয় পরিষদের আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এদিকে নিরাপত্তার কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাবেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। খবর ডন-এর। গতকাল সোমবার রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির সময় সরকারের লিখিত বিবৃতির একটি কপি আদালতে জমা দেয়া হয়েছে। কেন সরকার মামলাটি চালাবে না তার ব্যাখ্যা দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং কাজ সীমিত। এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া তাদের কাজ নয়। সরকার কোনো বিতর্কিত কাজ করতে চায় না। আদালত আজ মঙ্গলবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছে। সমপ্রতি দেশের একটি এনজিও তত্ত্বাবধায়ক সরকারকে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া, বড় ধরনের কোনো পদে নিয়োগ এবং বিশেষ কোনো আন্তর্জাতিক চুক্তি করা থেকে বিরত থাকার আহবান জানায়। ক্ষমতায় থাকার সময় বিচারকদের গৃহবন্দী রাখার অভিযোগে দায়ের করা মামলায় মোশাররফ বর্তমানে ইসলামাবাদে তার বাগান বাড়িতে আছেন যেটিকে সাব-জেল ঘোষণা করা হয়েছে। এই মামলায় তাকে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।