সিরাজগঞ্জে অর্ধদিবস হরতালে ট্রাক ভাঙচুর
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২২:৫৫
সিরাজগঞ্জে গতকাল সোমবার সকালে অর্ধদিবস হরতাল চলাকালে শহরের ফজলুল হক রোডে হরতাল সমর্থকরা একটি ট্রাক ভাংচুর করেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে বলে জানা যায়। অপরদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই পিকেটারকে আটক করেছে পুলিশ। উপজেলার বেতকান্দি বাজার থেকে গতকাল সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শাহজাদপুরের ঘোড়শাল গ্রামের আলিমুদ্দিনের পুত্র কোরবান আলী (২৭) ও আলী ফকিরের পুত্র আবু মুছা (২৪)। তাদের জেল হাজতে পাঠানো হবে বলে পুলিশ জানায়।
জয়পুরহাটে ঢিলেঢালা হরতাল পালিত
জয়পুরহাট প্রতিনিধি জানান, জেলার নিখোঁজ জামায়াত নেতা নজরুল ইসলামের সন্ধানের দাবিতে জামায়াত-শিবিরের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে গতকাল সোমবার শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও অফিস আদালত খোলা ছিল। বাস ছাড়া সকল যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই গত রবিবার শুরু হওয়া হরতাল গতকাল সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে।