যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রের সিয়াটলে একটি শহরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গুলিতে ৫ জন নিহত হয়েছে। তবে এর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর বিবিসির। পুলিশ জানিয়েছে, সিয়াটল থেকে ৩২ কিলোমিটার দূরে ফেডারেল ওয়ের একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। ফেডারেল ওয়ে পুলিশের নারী মুখপাত্র ক্যাথি শ্রক বলেন, ৯১১ নম্বরে অনেকেই ফোন করে জানায়, একটি অ্যাপার্টমেন্টে গোলাগুলি হচ্ছে। খবর পেয়ে তারা যখন যান তখন গোলাগুলি শেষ হয়ে যায়। পুলিশ সেখানে যাওয়ার পর গাড়ি পার্কিংয়ের স্থানের দিকে গেলে এক ব্যক্তি তাদের লক্ষ্য করে অস্ত্র তাক করে। পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে সে মারা যায়। তবে সে পুলিশের গুলিতে না অন্য কারো গুলিতে মারা গেছে সেই বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এছাড়া কমপ্লেক্স চত্বরে দুজনের মৃতদেহ পায় পুলিশ। অ্যাপার্টমেন্ট তল্লাশি করলে আরো একজন নারী এবং একজন পুরুষের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। শ্রক জানান, গোলাগুলির কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের কাছ থেকে তথ্য জানার চেষ্টা হচ্ছে। হয়তো ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যেতে পারে।