নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা, বাকবিতণ্ডা ধ্বস্তাধ্বস্তি

নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ অ্যাকশনে যাওয়ার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা পিছু হটে। এদিকে মিছিল বের করার আগে সমাবেশে মঙ্গলবার থেকে শুরু হওয়া ৩৬ ঘণ্টার হরতালে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় এক সমাবেশ করে এ ঘোষণা দেন তারা। তখন তারা বলেন, যারা হরতালে মাঠে থাকবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জ শহর বিএনপির সহ-সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এটিএম কামাল, হাসান আহম্মেদ, নুরুল হক চৌধুরী দিপু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, রানা মুজিব, সরকার আলম প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বের হওয়ার সময়ে পুলিশ ২নং রেল গেট এলাকায় বাধা দেয়। খালেদার সমাবেশ করতে ডিসি ও এসপিকে চিঠি আগামী ১ মে শ্রমিক দিবসে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে সমাবেশ করবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও শ্রমিক দল। এ সমাবেশে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই সমাবেশ আয়োজনের অনুমতি চেয়ে সোমবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতারা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল জানান, আমরা আবেদন পত্র পেয়েছি। এ ব্যাপারে অচিরেই সিদ্ধান্ত জানানো হবে।