কুমিল্লায় জামায়াত-পুলিশ সংঘর্ষ, এসআইসহ আহত ৬
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৩, ২২:৫৯
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের এক সাব-ইন্সপেক্টর (এসআই), এক কনস্টেবল ও উপজেলা জামায়াতের আমীরসহ ৬ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে গতকাল সোমবার দুপুরে উপজেলা জামায়াত মিছিল বের করে। এতে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পুলিশকে লক্ষ্য করে কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে চৌদ্দগ্রাম থানার এসআই মিজান, কনস্টেবল জসিম, উপজেলা জামায়াতের আমীর শাহাবুদ্দিন, কর্মী শাহীন, উপজেলা শিবির নেতা শামীমসহ কমপক্ষে ৬ জন আহত হয়। আহতদের স্থানীয় প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সা দেয়া হয় এবং গুরুতর আহত এসআই মিজানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামায়াত-শিবিরের হামলায় আহত এসআই মিজানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।