বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য আসনে ভোট হবে আগামী জুনে। ইতোমধ্যে একটি প্রস্তাবনা নির্বাচন কমিশনারদের কাছে উপস্থাপন করা হয়েছে। আজ কিংবা কাল নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন।
এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ইত্তেফাককে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন যেদি শূন্য ঘোষণা করা হয়েছে তার থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। বগুড়া-৬ আসনে তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে। তফসিল ঘোষণা সংক্রান্ত ফাইল নির্বাচন কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। নিজ জেলা ঠাকুরগাঁও-২ ও বগুড়া-৬ আসনে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বগুড়া-৬ আসনটি মূলত কারা অন্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসনে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। ফখরুল ছাড়া দল ও জোটের (ঐক্যফ্রন্ট) সবাই শপথ নেন। এ নিয়ে নানা ধরনের নাটকীয়তা ঘটেছিল। সংবিধান অনুযায়ী যথাসময়ে শপথ না নেওয়ায় তার আসনটি গত ৩০ এপ্রিল শূন্য ঘোষণা করেন স্পিকার।
নিবন্ধন পাচ্ছে বাংলাদেশ কংগ্রেস
এদিকে, বাংলাদেশ কংগ্রেস নামে নতুন আরেকটি রাজনৈতিক দল ইসির নিবন্ধন পেতে যাচ্ছে। আদালতের নির্দেশে দলটিকে নিবন্ধন দিচ্ছে কমিশন। দলটি নিবন্ধন পেলে তাদের অবস্থান হবে ৪৪তম। দলটির প্রতীক হবে ‘ডাব’।