মামলার ভয় দেখিয়ে সরকার আমাকে পকেটে রাখতে চায় :এরশাদ

জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মামলার ভয় দেখিয়ে সরকার আমাকে পকেটে রাখতে চায়। কিন্তু আমি আর কারও পকেটে থাকবো না। যতদিন বাঁচবো, সম্মান নিয়েই বাঁচবো। দালাল হয়ে বাঁচতে চাই না। গতকাল সোমবার জাতীয় যুবসংহতির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে সরকার জাতীয় পার্টিকে উপেক্ষা করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে আগে আমার কোন পরামর্শ নেয়নি সরকার। তিনি বলেন, দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই। পরিবেশ সৃষ্টি করুন। না হলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। এরশাদ বলেন, পদ্মা সেতু দুর্নীতিতে কে কতভাগ পেয়েছে তা জানা গেছে। কিন্তু শতকরা ২ ভাগ কার পকেটে যাচ্ছিল সেটি জাতি জানতে চায়। তিনি আরো বলেন, হেফাজতের সমাবেশ পণ্ড করতে ছুটির দিনে সরকার হরতাল, অবরোধ দিয়ে বিশ্বের বুকে কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি করেছে। এর মাধ্যমে সরকার ভুল করেছে।