কুমিল্লায় ক্রিকেট খেলায় সংঘর্ষের জের ধরে যুবক খুন

কুমিল্লায় ক্রিকেট খেলায় সংঘর্ষের জের ধরে জিসান নামের এক যুবককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে কুমিল্লা মহানগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টার দিকে কাঠেরপুল এলাকায় কয়েকজন সন্ত্রাসী জিসান (২০) নামে এক যুবকের বুকে ও শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তার চিত্কারে স্থানীয় লোকজন ও স্বজনরা এগিয়ে এসে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথে তার মৃত্যু হয়। কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ সোমবার সকালে বলেন, রবিবার বিকালে রেইসকোর্সের কাঠেরপুল এলাকায় ক্রিকেট খেলা নিয়ে জিসানের সাথে স্থানীয় কয়েকজনের মারামারি হয়। রাতে জিসানের বাড়ির সামনেই তার বুকে ছুরিকাঘাত করা হলে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত জিসান নগরীর কাঠেরপুল এলাকার মো. সেলিমের পুত্র।