সাতকানিয়া বাজালিয়া ইউনিয়ন জামায়াতের আমির গ্রেফতার

উপজেলার বাজালিয়া ইউনিয়ন জামায়াতের আমির ও বাজালিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকাল সোয়া ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার পরিদর্শ মোঃ ইসমাইল, উপ-পরিদর্শক প্রভাত কর্মকার ও শেফায়েতের নেতৃত্বে একদল পুলিশ বাজালিয়ার হলুদিয়ায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তার গ্রেফতারের খবর শুনে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে জামায়াত-শিবির কর্মীরা কেরানীহাট-বান্দরবান সড়কের বড়দুয়ারা নামক স্থানে অবরোধ তৈরি করে। এ সময় তারা কেরানীহাট থেকে বান্দরবানগামী ১টি বাস, বান্দরবান থেকে কেরানীহাটগামী ১টি ট্রাক ও ৩টি সিএনজি ট্যাক্সি ভাংচুর করে। তাদের নিক্ষিপ্ত ইটের আঘাতে বাসের যাত্রী কুলচুমা খাতুন (৩৮) ও মরিয়ম বেগম (২৯) নামে ২ মহিলা আহত হন। তাদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। বাসের ড্রাইভার মোঃ রফিক বলেন, আমি বাস নিয়ে কেরানীহাট থেকে বান্দরবানের উদ্দেশে বড়দুয়ারা এলাকায় পৌঁছি। এ সময় রাস্তায় শ’খানেক যুবক এলোপাতাড়ি গাড়ির দিকে ইট নিক্ষেপ ও লাঠি দিয়ে আঘাত করে। সাতকানিয়া থানার পরিদর্শক মোঃ ইসমাইল জানান, গ্রেফতারকৃত সিরাজ বাজালিয়া মন্দির ভাঙ্গা, দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদকের গাড়ি ভাংচুর ও সাঈদীর রায় পরবর্তী সহিংসতায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের পর সড়ক অবরোধ করলে আমরা গিয়ে অবরোধ তুলে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেই।